কেশবপুরে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ, আহত ১

ফন্ট সাইজ:

যশোরের কেশবপুরে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরণে জুয়েল রানা সরদার (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও দু’টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মধ্যকুল গ্রামের যশোর-সাতক্ষীরা মহাসড়কের জেলেপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর থানা পুলিশের একটি দল মধ্যকুল তৈল পাম্প মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল।

এ সময় পাশের এলাকা থেকে বিকট শব্দ শুনে পুলিশ সদস্যরা দ্রুত জেলেপাড়া মোড় এলাকায় পৌঁছান। সেখানে তারা জুয়েলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণে তার ডান পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে স্থানীরায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে তিনটি পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ বস্তু লুকিয়ে রাখার সময় একটি বিস্ফোরিত হয়ে জুয়েল নিজেই আহত হয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশি তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।