মাদক বিক্রির প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

ফন্ট সাইজ:

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাজারে উন্মুক্ত স্থানে মাদক (ইয়াবা ও গাঁজা) বিক্রির প্রতিবাদ করায় শুক্রবার রাতে মাদক কারবারিদের অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে চারজনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন- রাফেজা (৩৫), কাশেম (৪০), আহাদ (২৮), ফরিদ (৫০) ও মিরাজ (৪৬) । ঘটনাস্থল থেকে বনি আমিন খান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে ফরিদ মোল্যাসহ পরিবারের সদস্যরা বাড়ির সামনে মাদক কেনাবেচা করতে নিষেধ করলে মাদক বিক্রেতা কাসেম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালাগালি করে।

পরবর্তীতে মাদককারবারি কাসেম ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে মহিলাসহ ৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ফরিদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।