সারের বাজার পরিস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে কঠোর বার্তা দিয়ে কৃষি সচিব মো. সেলিম খান বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা সারের সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিতে চাই। দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে নিশ্চিত করে তিনি জানান, কোনো জেলায় অতিরিক্ত সারের প্রয়োজন হলে চাহিদাপত্র দেয়া সাপেক্ষে দ্রুত তা বরাদ্দ দেয়া হবে।
গতকাল দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজশাহী বিভাগের আট জেলার সারের ডিলার ও কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ উপস্থিত ছিলেন। তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন, সার নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেয়া হবে না। এ ছাড়া সীমান্ত দিয়ে সার পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।
