নগরীর মোগলটুলি এলাকায় সিটি করপোরেশনের অভিযানের সময় মোবাইল কোর্টের ওপর চাপাতি ও রামদা নিয়ে হামলার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রিয়াদ হাসান (৩৭) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় আরও একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে নগরীর ইসলামপুর রোড এলাকায় অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে। অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে কয়েকজন চাপাতি ও রামদা নিয়ে মোবাইল কোর্টের সদস্যদের দিকে এগিয়ে আসেন বলে অভিযোগ ওঠে।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযানে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা রিয়াদ হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, সরকারি কাজে তারা বাধা দিয়েছিল। একজনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
