লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে হেনস্তা ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো- ছাত্রদল কর্মী মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)। শনিবার দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক আবু রায়হানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ই আগস্ট উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে এনটিভি’র অনলাইন প্রতিনিধি সজিবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলাম রাশেদকে হেনস্তার অভিযোগ ওঠে ওই তিন কর্মীর বিরুদ্ধে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফল তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গত বুধবার (১২ই আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সজিবুল হৃদয় ও রাশিদুল ইসলাম রাশেদ হেনস্তার শিকার হন।