পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার কারণে ভারতে থাকা বিদেশি নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। ভিসার মেয়াদ বৃদ্ধি বা আপাতত তাদের ভারতের থাকার বিষয়টি নিশ্চিত করতে সবরকম সহায়তা করতে ভারত প্রস্তুত বলে জানানো হয়েছে। বিদেশি নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে, তারা যেন তাদের নিকটবর্তী বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে (এফপিআরও) যোগাযোগ করেন। সেখানেই পাওয়া যাবে সবরকমের সহযোগিতা।
ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইজরাইলের আকাশসীমাও। সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, ইরাক, কুয়েত এবং কাতারও নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোসহ বিভিন্ন দেশের উড়ান সংস্থার পরিষেবা বিঘ্নিত হয়েছে। পশ্চিম এশিয়ার ওপর দিয়ে বিমান আপাতত বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সব বিমান সংস্থা।
আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে যাতায়াতের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির আকাশসীমাকেই ব্যবহার করতে হয় ভারতকে। বিশেষ করে আন্তর্জাতিক বিমান পরিবহনের অন্যতম কেন্দ্র বলা চলে দুবাইকে। ভারত থেকে বিভিন্ন বিমান দুবাই হয়ে আমেরিকা এবং ইউরোপে যায়। আবার অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরগামী অনেক বিমানও ভারত থেকে দুবাই হয়ে যাতায়াত করে। ইরানের হামলার পর আপাতত দুবাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি টার্মিনাল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
ভারতে আটকে পড়া বিদেশিদের সাহায্যের আশ্বাস নয়াদিল্লির
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ৪ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
