ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। পাঁচ বছর উত্তর লন্ডনের অধ্যায় কাটানোর পর ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তিনি ‘লস রোহিব্লাঙ্কোস’ শিবিরে নাম লেখালেন এ তারকা সেন্টার-ব্যাক।
মাদ্রিদের ভিথাস-ইনভিক্টাম হাই-পারফরম্যান্স স্পোর্টস মেডিসিন সেন্টারে সফলভাবে মেডিকেল পরীক্ষা শেষ করেন রোমেরো। এরপর রিয়াদ এয়ার মেট্রোপলিটানো ক্লাবের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন তিনি। ২০২১ সালে প্রথমে ধারে টটেনহ্যামে যোগ দিলেও পরে স্থায়ীভাবে ক্লাবটিতে খেলেন এ আর্জেন্টাইন তারকা। স্পার্সের জার্সিতে তিনি মোট ১৫৬ ম্যাচে ১৩ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন।
রোমেরোর ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৪-২৫ মৌসুমে। সেবার তার নেতৃত্বে দীর্ঘ ৩১ বছর পর উয়েফা ইউরোপা লীগের শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ফাইনালে সেরা পারফর্মার নির্বাচিত হয়ে ইউরোপের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজের অবস্থান পোক্ত করেন তিনি।
আর্জেন্টিনার কর্দোবায় জন্ম নেয়া রোমেরো ২০১৬ সালে ক্লাব অ্যাটলেটিকো বেলগ্রানোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর গেনোয়া, জুভেন্টাস ও আতালান্তার হয়ে সিরি আ মাতিয়ে ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান লীগের সেরা ডিফেন্ডার নির্বাচিত হন। ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রোমেরোর অর্জন কম নয়। আলবিসেলেস্তে জার্সিতে ৫৮ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের স্বাদ পেয়েছেন। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও রানার্সআপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
টটেনহ্যামের ইউরোপা জয়ী কাণ্ডারির এই দলবদল লা লিগার প্রতিযোগিতাকে আরও জমজমাট করে তুলবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
