দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে নিজেদের জাত চেনাচ্ছে বাংলাদেশ। ডারউইন টেস্টে অবিশ্বাস্য পারফরম্যান্স ও দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে চালকের আসনে অবস্থান করছে টাইগাররা। আর এই সাফল্যের মাঝেই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মতো দলগুলোর নিয়মিত ম্যাচ আয়োজনের জোরালো দাবি জানিয়েছেন অজি কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি।
ক্রিকেটবিশ্বের অভিজাত দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দীর্ঘদিন ধরে তুলনামূলক ছোট দলগুলোকে নিজেদের আঙিনায় নিয়মিত আমন্ত্রণ জানানোর বিষয়ে কিছুটা উদাসীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে টেস্ট ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে থাকা টাইগাররা প্রমাণ করেছে, তারা যেকোনো কন্ডিশনে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে সক্ষম।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি মনে করেন, বাংলাদেশের মতো দলকে দীর্ঘ সময় ধরে দূরে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশের আরও বেশি অস্ট্রেলিয়া সফর থাকা উচিৎ। বাংলাদেশের বিপক্ষে ২৩ বছর পর হচ্ছে, ২৪ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে। এটা মেনে নেয়ার মতো নয়। এখানে দারুণ কন্ডিশন, পিচ, সুযোগ-সুবিধা। তবে ক্যালেন্ডারের ব্যস্ত সূচি একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়ায় এসে খেলা উচিৎ।’
ভবিষ্যতের আশাবাদী চিত্র তুলে ধরে গিলেস্পি আরও বলেন, ‘বাংলাদেশের সবাই ওখানে খেলোয়াড়দের খেলতে দেখলে অবশ্যই খুশি হতো। ভবিষ্যতে হয়ত এমনটা হবে। আমাদের অবশ্য সব ভেন্যুতেই উন্নত সুযোগ সুবিধা আছে। সামনে ম্যাকায়তে যাবে, দেখবে সেখানেও সব সুযোগ সুবিধা রয়েছে। তবে সিডনি, অ্যাডিলেডে বাংলাদেশ খেললে ভালো হবে, হয়ত ভবিষ্যতে দেখা যাবে।’
এদিকে ডারউইন টেস্টের তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে বাংলাদেশের একক আধিপত্য। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে দুইশ রানের নিচে অলআউট করে ২২৮ রানের বিশাল লিড পায় সফরকারীরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার (৫৫ রানে ৬ উইকেট) উপহার দিয়ে রেকর্ড গড়েন পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশি পেসারদের এই আগ্রাসী পারফরম্যান্সের প্রশংসা করে গিলেস্পি বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশ চালকের আসনে রয়েছে। হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।’
তবে এই সাফল্যের মাঝেও এক তরুণ তারকাকে মিস করার আক্ষেপ ঝরেছে গিলেস্পির কণ্ঠে। চোটের কারণে ডারউইন টেস্টে না থাকা গতির ঝড় তোলা নাহিদ রানাকে নিয়ে তিনি বলেন, ‘নাহিদকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে। অনেক লম্বা ফাস্ট বোলার। সম্ভবত সাইড স্ট্রেইনের চোট। সে দ্রুত সেরে উঠুক।’
