লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা তীব্র করেছে ইসরাইলি বাহিনী। দেশটির সর্বশেষ হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শনিবার সকালে নাবাতিয়ে জেলার আনসারের উপকণ্ঠে একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
হামলার পর লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে স্থানান্তর করতে কাজ করছে।
গত জুনে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি হওয়ার পর এটি লেবাননে প্রাণঘাতী হামলা।
এনএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার ভোরে নাবাতিয়ে আল-ফাওকার কাছে আলি আল-তাহের রিজে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
এছাড়া নাবাতিয়ে আল-ফাওকার হুসেইনি ক্লাবে এবং টিচার্স ট্রেইনিং সেন্টারের কাছে আলাদা দুইবার হামলা চালিয়েছে ইসরাইল। পাশাপাশি আনসার ও জারারিয়ে উপত্যাকার মাঝেও ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে।
এনএনএ আরও জানিয়েছে, বিন্ত জেবেইলে ইসরাইলি বাহিনীর হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া ইসরাইলি বাহিনী কুনাইন-সাফ আল হাওয়া রোডের সঙ্গে বেশ কয়েকটি বাড়িতে অতর্কিত গুলি ছুড়েছে।
তবে এসব হামলা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইসরাইল। দেশটি জানিয়ে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে।
