ক্ষমতাসীন বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। এই লক্ষ্যে বৃহস্পতিবার সংগঠনের শীর্ষ ৫ নেতা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এদিন রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রায় ৩০ মিনিট সাক্ষাতে আগামী ৩-৪ দিনের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা সংগঠনের শীর্ষ নেতাদের জানান বিএনপি চেয়ারম্যান। ওদিকে ছাত্রদলের নতুন কমিটি এখন প্রধানমন্ত্রীর টেবিলে। যেকোনো সময় নতুন কমিটির ঘোষণা আসতে পারে। এই ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে ছাত্রদলের ইতিহাসে রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিটের কমিটি দেয়া রাকিব-নাছির কমিটির অধ্যায়।
নামপ্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের দু’জন কেন্দ্রীয় নেতা মানবজমিনকে জানান, দায়িত্ব পালন করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির অভিভাবক তারেক রহমান। তিনি বলেছেন, ছাত্রদল জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একইসঙ্গে সারা দেশে সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছে। বর্তমান কমিটির নেতৃবৃন্দদের আগামীদিনে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তাদেরকে ধীরে ধীরে মূল্যায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে নিজের ফেসবুক পেজে এক পোস্টে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, মহান রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শোকরিয়া, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। রাকিব-নাছির কমিটির মূল সফলতা হলো জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকরী বীরোচিত ভূমিকা পালন। ৫ই আগস্ট, ২০২৪ পরবর্তী বাস্তবতায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত মবকে মোকাবিলা করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক বুলিংকে উপেক্ষা করে নেতৃত্ব প্রদান করতে হয়েছে। একটা নতুন জীবন শুরু করতে চাই। নিজেকে আরও বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই। ভুল-ত্রুটির ঊর্ধ্বে কেউ না, সেহেতু দীর্ঘ সময় দায়িত্ব পালনে আমারও ভুল-ত্রুটি রয়েছে, কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
পরিশেষে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন, সেই প্রত্যাশা রইলো।
এদিকে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের ফেসবুকে এক পোস্টে বলেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের শুক্রবার শেষ দিন। একটি দীর্ঘ, কঠিন, ঘটনাবহুল এবং একইসঙ্গে গৌরবের অধ্যায়ের সমাপ্তি ঘটছে। বিদায়ের এই মুহূর্তে স্বাভাবিকভাবেই চোখের সামনে ভেসে উঠছে অসংখ্য স্মৃতি-সংগ্রাম, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, বেদনা এবং সবচেয়ে বেশি করে আমার সহযোদ্ধাদের ভালোবাসা। তিনি বলেন, আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেয়া যায়; আদর্শ থেকে নয়, ভালোবাসা থেকে নয়, সহযোদ্ধাদের কাছ থেকে নয়। আগামীদিনে ছাত্রদলে যারাই নেতৃত্বে আসবেন, আমি বিশ্বাস করি, তাদের নেতৃত্বে ছাত্রদল আরও শক্তিশালী, আরও সংগঠিত এবং আরও গতিশীল হবে। নতুন নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা থাকবে। তাদের প্রয়োজন হলে, তাদের ডাকে আমি আগের মতোই পাশে থাকবো।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা: বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, ইজ্জাজুল কবির রুয়েল, এইচএম আবু জাফর, সাফি ইসলাম, কাজী জিয়া উদ্দিন বাসিত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, আজিজুল হক জিয়ন, তরিকুল ইসলাম তারিক, ফারুক হোসেন, আরিফুল ইসলাম, মাসুদুর রহমান, বায়েজিদ হোসেন, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ১লা মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্বভার পান বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ ছাড়া আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০২৪ সালের ১৫ই জুন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদকাল দুই বছরের প্রস্তাব করা হয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি কমিটির মেয়াদ শেষ হয়েছে।
