বরিশালে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। বরিশাল ও বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ ও ১৫ই আগস্টকে কেন্দ্র করে আটক করা হচ্ছে সন্দেভাজনদের। গত ২৪ ঘণ্টায় আটক হয়েছে ১৮ জন। আটককৃতদের মধ্যে বিসিসি’র সাবেক এক কাউন্সিলর রয়েছেন। গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার পিপিএমের নেতৃত্বে বিএমপি দক্ষিণ বিভাগ, গোয়েন্দা বিভাগ ও সদর গ্রেপ্তার বিভাগের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে, বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিএমপি’র চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করেছে।
বরিশাল নগরীর কেডিসি বস্তি, স্টেডিয়াম কলোনি ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জন, নিয়মিত মামলাসহ পূর্বের মামলায় ৫ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৬ জনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএমপি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানিয়েছেন, বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে বিএমপি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বরিশাল আদালত চত্বরে বুধবার বোমা বিস্ফোরণ ঘটে। এর আগে বাকেরগঞ্জে চিপসের প্যাকেট রাখা বোমা বিস্ফোরিত হয়ে এক নারী মারা যায়। এসব ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পুরো নগরীতে সাঁড়াশি অভিযান পরিচালিত করছে।
