মধ্যরাতে ময়মনসিংহের হালুয়াঘাট থানায় যুবলীগ নেতার জন্যে তদবির করতে এসে আটক হয়েছেন চেয়ারম্যান ছামাদুল ইসলাম। গতকাল রাত ১২টার দিকে থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলমের নির্দেশে তাকে আটক করা হয়। ছামাদুল ২নং জুগলী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান। পুলিশ ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, রাতে জয়মঙ্গল গ্রামের যুবলীগ নেতা উসমান গনিকে আটক করে পুলিশ। পরে আনুমানিক দুই ঘণ্টা পর উসমানের জন্য তদবির নিয়ে ছদ্মবেশে থানায় আসেন ছামাদুল। পরে পুলিশ চেয়ারম্যানের পরিচয় জানতে পেরে তাৎক্ষণিক তাকে আটক করে।
এর আগেও বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় চেয়ারম্যান ছামাদুলকে আটক করা হয়েছিল। জামিনে আসার পর পুনরায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, যুবলীগ নেতা উসমানকে পুলিশের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ও চেয়ারম্যানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
