সিরাজগঞ্জের এএসপি রবিউলকে অবসরে পাঠালো সরকার

সিরাজগঞ্জের এএসপি রবিউলকে অবসরে পাঠালো সরকার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে প্রেসিডেন্টের আদেশক্রমে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। ওই প্রজ্ঞাপনে এএসপি পদমর্যাদার সাত কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসর পাঠানো হয়। তাতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। তবে এই অবসর দেয়ার কারণ হিসেবে শুধু জনস্বার্থে অবসর দেয়ার কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ বা কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কার্যক্রমে এসব কর্মকর্তারা সক্রিয় ছিলেন। বিশেষ করে বিএনপি’র রাজনৈতিক কর্মসূচি দমনে মাঠপর্যায়ে তাদের ভূমিকা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছিল বলে জানা গেছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে চাকরিকালীন সিরাজগঞ্জ ছাড়াও কোন কোন জেলায় দায়িত্ব পালন করেছেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।