চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের স্থানীয় জলসীমায় দু’টি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো জাহাজ দু’টি হলো মোটর ট্যাংকার ‘সী স্পাইক’ (ঝঊঅ ঝচওকঊ) ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইন’ (ঝটঘ ঝঐওঘঊ)। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামীম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জলসীমায় জাহাজ দু’টির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি জানান, বন্দরের টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। তবে সংঘর্ষের পর জাহাজ দু’টির সুনির্দিষ্ট অবস্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা জাহাজ দু’টির বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবরও নিশ্চিত হওয়া যায়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। জাহাজ দু’টির অবস্থা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
