পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রবাসীর ছেলে নাঈমের (২২) পায়ে গুলি করে ডাকাতদল। এ ছাড়া তার পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত-পা বেঁধে মারধর ও তার শিশুসন্তান তাসফির (২) মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকাসহ একটি আইফোন লুট করে নেয়া হয়। গতকাল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
প্রবাসীর স্ত্রী রুমা বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত আড়াইটা থেকে তিনটার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তাদের সবাইকে বেঁধে মারধর এবং তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার পায়ের হাঁটুর উপরে গুলি করে। এরপরে তার শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাট চালায়। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
