ত্রিশালের আলোচিত সেই ইউএনও বদলি

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করেছে সরকার। তাকে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ। প্রজ্ঞাপনে বলা হয়, আরাফাত সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব), ত্রিশাল, ময়মনসিংহকে জনস্বার্থে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত), জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে গত ১২ই আগস্ট ত্রিশালের একটি বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনার সময় একজনকে মারধরের অভিযোগ ওঠে ইউএনও’র বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সৃষ্টি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে তিনি প্রথমে দু’টি থাপ্পড় এবং পরে বেত দিয়ে কয়েকটি আঘাত করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পরদিনই ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রজ্ঞাপন জারি হলো। ফলে ত্রিশালের সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে তার বদলির বিষয়টি স্থানীয়ভাবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরাফাত সিদ্দিকীকে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।