সাপের দংশনে শিশুসহ ২ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

নীলফামারীর কিশোরগঞ্জে সাপের দংশনে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর। নিহতরা হলেন, বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ই আগস্ট রাতে মনসার গানের অনুষ্ঠানে সাপ নিয়ে দর্শকদের খেলা দেখানোর সময় বিজয় রায়ের হাতে সাপ দংশন করে। পরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশু লুনা। মধ্যরাতে তার ডান হাতে সাপ দংশন করলে তীব্র ব্যথা অনুভব করে। পরে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর বলেন, বিষয়টি তারা জেনেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।