সোনাতলায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন

সোনাতলায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের দাউদিয়ারপাড়া গ্রামের যমুনাতীরে নদীভাঙনরোধে জিও ব্যাগ ফেলার নামে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির প্রতিবাদে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- আব্দুল কাইয়ুম, চান মিয়া, আইজুদ্দিন, যুবদল নেতা এনামুল, রফিকুল ইসলাম, আফতাব হোসেন, জুলেখা বেগম, কোহিনূর খাতুন, লিপন হোসেন, মাহবুব উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ‘সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়নের দাউদিয়ারপাড়া ও মহব্বতেরপাড়া এলাকায় যমুনার অব্যাহত ভাঙন রোধে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলে আমরা আশ্বস্ত হয়েছিলাম।

কিন্তু জিওব্যাগ স্থাপনের নামে সাব- ঠিকাদার সবুজ মিয়া ও তার সহযোগীরা অবৈধভাবে বালু উত্তোলন করে রীতিমতো বিক্রির মহোৎসবে মেতে উঠেছে। এতে করে জেগে ওঠা চর- যেখানে আমরা বিভিন্ন ফসল চাষাবাদের সুযোগ পেয়েছিলাম সেগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিনিয়ত এমন কর্মকাণ্ডে ভালোর চেয়ে খারাপটাই যেন বেশি হচ্ছে। এ সব ঘটনার প্রতিবাদ করায় তারা এলাকার নিরীহ মানুষের নামে মিথ্যা অপবাদে থানায় অভিযোগ দায়ের করেছে। আমরা এমন ঘটনার প্রতিবাদ জানাই ও অবিলম্বে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা চাই।