স্বস্তি খুঁজতে গাছতলায় চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

ফন্ট সাইজ:

তীব্র গরমে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির জন্য বাড়ির পাশের গাছতলায় বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু হঠাৎ সেই গাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমিরন ওই এলাকার মৃত গোলাপের স্ত্রী। স্বজনেরা জানান, তীব্র গরমে বাড়িতে বিদ্যুৎ না থাকায় সমিরন বাড়ির পাশের একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কোনো ঝড়-বাতাস ছাড়াই হঠাৎ গাছটি ভেঙে তার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।