জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত আকিব আলীর পুত্র শাহাব উদ্দিন (৩৮) ও ভূঁইয়ারমুড়া গ্রামের মৃত ফখর উদ্দিনের পুত্র হাসান আহমদ (১৮)। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে আটগ্রাম-জকিগঞ্জ ভায়া রতনগঞ্জ সড়কে জামাল মিয়ার ফিশারির সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে জকিগঞ্জ বাজার থেকে আগত একটি টমটম অটোরিকশা গাড়িটিকে থামানোর জন্য সংকেত দেয় পুলিশ।

এ সময় টমটম থামিয়ে পোশাক পরিহিত পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে গ্রেপ্তারকৃত আসামিরা। পুরে পুলিশ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে এবং অটোরিকশা টমটম আটক করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মাদকের অভিযান অব্যাহত আছে। ধৃত আসামিদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।