যে কারণে মিরাজের দিকে তেড়ে গিয়েছিলেন স্টার্ক

ফন্ট সাইজ:

ডারউইন টেস্টে বোলারদের পর দাপট দেখালেন বাংলাদেশের ব্যাটাররা। টাইগার ব্যাটারদের সামনে ম্লান অস্ট্রেলিয়ার পেসারদের সব প্রশংসা। হতাশা এতটাই জেঁকে বসেছিল যে, মেজাজ হারিয়ে মেহেদি হাসান মিরাজের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মিচেল স্টার্ক। এক রানের জন্য উইকেটের মাঝের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোকে কেন্দ্র করে দু’জনের মধ্যে উত্তেজনা ছড়ায়। যদিও পরিস্থিতি বেশি দূর গড়ানোর আগেই দু’জনকে শান্ত করেন আম্পায়ার কুমার ধর্মসেনা।
ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে। মিচেল স্টার্কের ২১তম ওভারের পঞ্চম বলে। শর্ট অব লেংথের বলটি পয়েন্টের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে দৌড়ান মিরাজ। বলের দিকে তাকিয়ে দৌড়াতে গিয়ে তিনি চলে আসেন স্টার্কের সামনে। এরপর তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বেছে নেন পিচের মাঝের সুরক্ষিত অংশ।

ক্রিকেটীয় রীতি অনুযায়ী ওই অংশ দিয়ে ব্যাটারদের দৌড়ানোর কথা নয়। বিষয়টি নজর এড়ায়নি আম্পায়ার ধর্মসেনার। রান সম্পূর্ণ হওয়ার আগেই তিনি এগিয়ে গিয়ে সতর্ক করেন মিরাজকে। নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টায় মিরাজ বলেন, ‘আমি দেখতে পারিনি।’ তবে স্টার্ক এতে সন্তুষ্ট ছিলেন না। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে অস্ট্রেলিয়ান পেসারের ক্ষুব্ধ কণ্ঠ। মিরাজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও।’ নিজের বোলিং মার্কে ফিরে যাওয়ার পথেও তাকে বলতে শোনা যায়, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই।’ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং চ্যানেল সেভেনে ম্যাচ বিশ্লেষণের সময় এ ঘটনায় মিরাজের পক্ষ নেন।

পন্টিং বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল।’ তার ব্যাখ্যা অনুযায়ী, দ্রুত দৌড়ে সিঙ্গেল নেয়ার সময় সামনে থাকা স্টার্ককে পাশ কাটাতে গিয়েই বাধ্য হয়ে পিচের মাঝের দিকটি বেছে নিতে হয়েছে মিরাজকে। ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসন মনে করেন, স্টার্কের এমন উত্তেজিত হয়ে পড়া দলের সামগ্রিক হতাশার বহিঃপ্রকাশ।