‘সেঞ্চুরিটা যেহেতু স্পেশাল বাবা-মায়ের জন্য দিতে চাই’

‘সেঞ্চুরিটা যেহেতু স্পেশাল বাবা-মায়ের জন্য দিতে চাই’

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ইতিহাস গড়েছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে তুলে নিয়েছেন প্রথম সেঞ্চুরি। ১৯৭ বলে ১০১ রানের ইনিংস দিয়ে ফিরলেও তার ব্যাটে বাংলাদেশ পেয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের ভিত। দিন শেষে তার ব্যাটিংয়ের প্রশংসা করছেন সাবেক অজি তারকারা। এসব নিয়ে খুব একটা ভাবতে চান না বাংলাদেশের এই ওপেনার। তবে সেঞ্চুরিটাবে বিশেষ আখ্যা দিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে তানজিদ বলেন, ‘খুব ভালো লাগছিল। এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, যা আজকে অনুভব করেছি। উইকেটটা নতুন বলে খুব ভালো ব্যাটে আসে। তবে বল যখন পুরনো হয় তখন কিছুটা কঠিন হয়ে যায়।’ বাবা-মাকে উৎসর্গ করা নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির ইনিংসের পুরোটাই সাবলীল ব্যাট করে গেছেন তানজিদ।

দেখে মনেই হয়নি, ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে তিনি লড়ছেন অস্ট্রেলিয়ার মতো দলের বোলিং আক্রমণের বিপক্ষে। নিজের ও দলের ব্যাটিং নিয়ে তানজিদ বলেন, ‘খুব ভালো একটা দিন পার করেছি আমরা। আমাদের পরিকল্পনা এটাই ছিল যে প্রথম সেশনটা কীভাবে কাটাতে পারি। ওরাও অনেক ভালো বোলিং করেছে, তাই আমাদেরও চিন্তা ছিল যে আমরা অতিরিক্ত কিছু করবো না। দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পাওয়াটা আমার জন্য সত্যি অনেক ভালো লাগার একটা ব্যাপার।’ সেঞ্চুরি করলেও নতুন বলে অস্ট্রেলিয়ান বোলারদের খেলাটা একটু কঠিনই মনে হয়েছে তানজিদের কাছে। তবে সে রকম সময়গুলো তারা পার করেছেন পরিকল্পনা অনুযায়ী খেলে। তিনি বলেন, ‘ওরা এক নম্বর দল, কঠিন সময় তো অবশ্যই দেবে। আমার মনে হয়েছে ওদের বিপক্ষে নতুন বলে খেলাটা একটু কঠিন ছিল।

আমরা চেষ্টা করেছি কীভাবে শট কমিয়ে স্ট্রাইক রোটেট করা যায়, চেষ্টা করেছি বাজে শট না খেলে কীভাবে জুটি গড়া যায়।’ এ নিয়ে উদাহরণ হিসেবে তানজিদ বলেন, ‘আপনি দেখবেন যে আমার সঙ্গে শান্ত ভাইয়ের (নাজমুল) জুটি, মুমিনুল ভাই এবং মুশফিক ভাই-শান্ত ভাইয়ের (নাজমুল) জুটি অনেক ভালো ছিল, যা বড় রান করতে অনেক সাহায্য করেছে।’ অস্ট্রেলিয়ার কোন বোলারকে খেলা বেশি কঠিন মনে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আসলে কখনো বোলার দেখে খেলি না, সব সময় চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করতে।’ ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ, হাতে এখনো ৪ উইকেট। বাকি দিনগুলোর পরিকল্পনা জানাতে গিয়ে তানজিদ বলেন, ‘আমি যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি, উইকেট খুব ভালো ছিল।

শেষে হাসান এবং মিরাজ ভাই যেভাবে ব্যাটিং করছে, তখনো দেখে ভালোই মনে হয়েছে। তবে ওরা অনেক ভালো লাইনে বল করছে। আমরা যত বেশি ব্যাটিং করতে পারবো, তত আমাদের জন্য ভালো। যেহেতু হাতে এখনো তিনদিন সময় আছে, আমরা চাইবো যত বেশি সেশন ব্যাটিং করা যায়। যত বেশি রান করা যাবে বোলারদের জন্য কাজটা তত সহজ হবে।’ তানজিদের দৃষ্টিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দুইদিনই বাংলাদেশের দাপট ধরে রাখার মূল কারণ প্রস্তুতিটা ভালো হওয়া। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দারুণ প্রস্তুতি ছিল। আমরা ১লা আগস্ট এখানে এসেছি। এরপর কয়েকটি অনুশীলন সেশন করেছি, পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি, যেটা আমাদের অনেক সাহায্য করেছে।’