চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

ফন্ট সাইজ:

রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শমসের আলী (৬০) ও তার পুত্রবধূ তানিয়া বেগম (২৫) মারা গেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। তার শ্বশুর শমসের একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে। নিহতদের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেয়া হয়।

ওই বৈদ্যুতিক তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। শুক্রবার দুপুরে তানিয়া ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার শ্বশুর তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে পুত্রবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দু’জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চারঘাট মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।