বিদ্যুতের ভেলকিবাজিতে বিপর্যস্ত জনজীবন

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লাগামহীন লোডশেডিং ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও টানা দুই থেকে তিন ঘণ্টা, আবার কোথাও দিনে ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন শহর ও গ্রামের বাসিন্দারা। অব্যাহত এই পরিস্থিতিতে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় এক ঘণ্টা পরপর লোডশেডিং হলেও উপজেলার নিশাপট, মরড়া, বিরামচর, সহআলাপুরসহ বিভিন্ন গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ।

অনেক এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকার পর মাত্র ৫ থেকে ১০ মিনিটের জন্য সংযোগ দেয়া হচ্ছে, এরপরই আবার বিদ্যুৎ চলে যাচ্ছে। অনেক সময় এক মিনিটের ব্যবধানে দুই-তিনবার বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনা ঘটছে, ফলে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, মোটর, আইপিএসসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে অতিরিক্ত ব্যয়ে জেনারেটর চালিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে হচ্ছে, ফলে সেবার ব্যয়ও বেড়ে যাচ্ছে। চরম উদ্বেগে রয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শিক্ষার্থীরা জানান, বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় রাতে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এতে পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। অনেকেই দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে কঠোর কর্মসূচি ও আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন।

শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের চলমান তাপপ্রবাহ, বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন ঘাটতির কারণে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাওয়ায় সাময়িকভাবে এক ঘণ্টা বিদ্যুৎ ও এক ঘণ্টা লোডশেডিংয়ের সূচি অনুসরণ করার কথা বলা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বাস্তবে সেই সূচি মানা হচ্ছে না। নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় এবং সম্পূর্ণ অনিয়মিতভাবে লোডশেডিং করা হচ্ছে। শায়েস্তাগঞ্জবাসীর দাবি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে এনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।