ইপিএলে নতুন ছয় নিয়ম

ইপিএলে নতুন ছয় নিয়ম

ফন্ট সাইজ:

সময় নষ্ট ঠেকানো এবং খেলার গতি বাড়াতে ইংলিশ প্রিমিয়ার লীগের ২০২৬-২৭ মৌসুম থেকে আসছে একগুচ্ছ নতুন নিয়ম। বিশ্বকাপে প্রথম প্রয়োগ হওয়া এসব নিয়ম রোববার আর্সেনাল-ম্যানচেস্টার সিটির কমিউনিটি শিল্ড ম্যাচ দিয়ে শুরু হয়ে প্রিমিয়ার লীগসহ ইংল্যান্ডের সব স্তরের ফুটবলে কার্যকর হবে। এমন প্রতিবেদন করেছে বৃটিশ গণমাধ্যম বিসিবি স্পোর্ট। গোল-কিক ও থ্রো-ইনে এখন থেকে ৫ সেকেন্ডের কাউন্টডাউন দেবেন রেফারি। সময়মতো বল না ছাড়লে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে। ম্যাচের শেষদিকে গোলকিপার গোল-কিক নিতে দেরি করলে প্রতিপক্ষকে কর্নার কিক দেয়ার ক্ষমতাও পাবেন রেফারি। বদলি হওয়া খেলোয়াড়দের মাঠ ছাড়তে সময় বেঁধে দেয়া হয়েছে ১০ সেকেন্ড।

এর মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড় অন্তত এক মিনিট মাঠে নামতে পারবেন না, ততক্ষণ দলকে খেলতে হবে ১০ জন নিয়ে। ক্যারাবাও কাপে রেকডন ও রেক্সহাম ম্যাচে মিডলসবরোর উইল ল্যাঙ্কশিয়ার প্রথম এই শাস্তির শিকার হন। উদ্‌যাপন করতে করতে ধীরগতিতে মাঠ ছাড়ায় বদলি খেলোয়াড় ফিন কার্টরাইটকে তাৎক্ষণিকভাবে নামাতে পারেননি কোচ। ইনজুরির নিয়মও কঠোর হয়েছে। আগে ফিজিও মাঠে এলে খেলোয়াড় ৩০ সেকেন্ড বাইরে থাকতেন, এখন তা বেড়ে হয়েছে এক মিনিট। কোনো খেলোয়াড় চিকিৎসা না চাইলেও যদি তার কারণে খেলা থামে, তাকে বাধ্যতামূলক এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে ফাউলকারী হলুদ বা লাল কার্ড পেলে এই নিয়মে ছাড় মিলতে পারে। বন্ধ হচ্ছে গোলকিপারদের ‘কৌশলী টাইম-আউট’।

অনেক সময় ম্যানেজাররা খেলার মোমেন্টাম পরিবর্তনের জন্য গোলকিপারকে মাঠের ওপর বসিয়ে চিকিৎসার নাটক করেন। এখন থেকে যদি গোলকিপার চিকিৎসার জন্য সময় নেন, তবে কোচকে তার দলের একজন খেলোয়াড়কে (গোলকিপার বাদে) মাঠ থেকে এক মিনিটের জন্য তুলে নিতে হবে। এতে কোচরা আর এই কৌশল ব্যবহার করে দলের সবার সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন না। পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল নিয়ে বিভ্রান্তিও দূর করা হয়েছে। গোলকিপার বা ডিফেন্ডার বল স্পর্শ করা মাত্রই গোল-কিক নেয়া হয়েছে বলে ধরা হবে। এরপর কোনো ডিফেন্ডার হাত বা বাহুতে বল ছুঁলে সরাসরি পেনাল্টি দেয়া হবে।

ভিএআরেও যুক্ত হয়েছে নতুন কিছু ক্ষেত্র। দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের ক্ষেত্রে এখন ভিএআর পর্যালোচনা করতে পারবে সেই কার্ডের সিদ্ধান্ত। কর্নার বা ফ্রি-কিকে বল খেলায় আসার আগে সরাসরি গোল বা পেনাল্টির সঙ্গে সম্পর্কিত ফাউল হলেও হস্তক্ষেপ করবে ভিএআর। এ ছাড়া রেফারির ভুলে ভুল খেলোয়াড় কার্ড পেলে তা সংশোধনেও ব্যবহার হবে প্রযুক্তিটি। তবে বিশ্বকাপের মতো ভুল কর্নার কিকের সিদ্ধান্ত কিংবা মুখ ঢেকে বিতর্ক করার জন্য কার্ড দেয়ার ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপ করবে না।