মাহবুবা-নোভার স্বর্ণপদক জয়

ফন্ট সাইজ:

সেরাদের সেরার লড়াই শুরু হয়েছে কিকবক্সিংয়ে। যার পোশাকি নাম বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের ব্যবস্থাপনায় রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হয়েছে দুইদিনব্যাপী প্রতিযোগিতার শুরুর দিনেই দুটি স্বর্ণপদক জিতে নিয়েছেন -৪৫ কেজিতে দিনাজপুরের মাহবুবা আক্তার এবং -৩৫ কেজিতে ময়মনসিংহের মুশফিকা হাসান নোভা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিভা প্রকাশ ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ২৫টি দলের মোট ১৮০ জন খেলোয়াড় ৩টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন।

গতকাল সকালে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোস্তাাফিজুর রহমান মোস্তাফিজ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় উদীয়মান ক্রীড়া প্রতিভাদের বিকাশে জাতীয় ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির আওতায় অন্যান্য খেলার পাশাপাশি কিকবক্সিং খেলাটিকেও অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন প্রধান অতিথি। সাধারন সম্পাদক জানান, নিয়মিত জাতীয় প্রতিযোগিতা আয়োজন, সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের জন্য বড় সাফল্য ছিনিয়ে আনতে আমরা প্রস্তুত।