বেরোবিতে এক বাস মেরামতেই ২৮ লাখ টাকা

বেরোবিতে এক বাস মেরামতেই ২৮ লাখ টাকা

ফন্ট সাইজ:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ব্যবহৃত একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেরামতের কাজে বিপুল অর্থ ব্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বাসটি মেরামতের জন্য ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে দেয়া হয়। বাসে ব্যয় হয় ২৭ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বাসটি মেরামতের জন্য পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে বাস মেরামতের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

একাধিক শিক্ষার্থী বলেন, ২৮ লাখের সঙ্গে আরও কিছু টাকা যুক্ত করলে একটি নতুন বাস পাওয়া যায়, সেখানে মাত্র এক বাসে মেরামতে কীভাবে এত টাকা ব্যয় হলো, তা আমাদের জানা নেই। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমেদুল হক আলবির বলেন, বাস মেরামতে এত টাকা ব্যয় আমাদের মনে সন্দেহের সৃষ্টি করে। স্বাভাবিকভাবে একটি বাস মেরামতে এত টাকা প্রয়োজন হতে পারে বলে আমরা মনে করি না। সুতরাং এখানে দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরও বলেন, মেরামতেই যদি এত টাকা খরচ করতে হয়, তাহলে এর সঙ্গে আরও কিছু টাকা যোগ করে নতুন বাস কেনা সম্ভব ছিল।

তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, নতুন বাস ৫৫ লাখ টাকার নিচে পাওয়া যায় না। আর এই বাসের সম্পূর্ণ বডি ঠিক করা হয়েছে। ফলে এত টাকা খরচ হয়েছে। মেরামতের কাজের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কাজটি কমিটির মাধ্যমে হয়েছে। উপাচার্য কমিটি করে দিয়েছেন। কমিটি পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এরপর যারা সর্বনিম্ন দরপত্র দিয়েছে, তাদেরই কাজটি দেয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে পরিবহন পুলে যোগাযোগ করার জন্য বলেন।