রাজধানী থেকে রূপগঞ্জ আওয়ামী লীগের ৫৩ কর্মী-সমর্থক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ রূপগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ৫৩ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয়তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর জন্য দোয়া ও মিলাদ মাহফিল করছিলেন। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অধিকাংশই রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই বাছাই করছে পুলিশ। ভাটারা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তাদের বিরুদ্ধে কী ধারায় মামলা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো নিষিদ্ধ বা আইনবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল কিনা, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।