ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ইউএনও অফিস ঘেরাও করেছেন। নিয়োগ পুনর্বিবেচনা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বৃহস্পতিবার ফেনী সদর উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। তাদের দাবি, একই পরিবারের একাধিক সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সুবিধাবাদী ব্যক্তিদেরও এসব পদে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, বর্তমান সরকারের ভাবমূর্তি বিতর্কিত করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও সুবিধাবাদী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া পুনঃপর্যালোচনা করে অভিযোগ তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিলের দাবি জানান বক্তারা। অভিযোগের ভিত্তিতে এই নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ না দিলে তারা কঠোর আন্দোলনে নামবেন। তবে এসব অভিযোগের বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের পক্ষ থেকে তথ্য সংগ্রকারী ও সুপারভাইজারের একটি তালিকা তার কাছে দেয়া হয়। সে তালিকা থেকেই বেশির ভাগ নিয়োগ পেয়েছেন, তবে যারা নিয়োগ পেয়েছেন তারা মেধার ভিত্তিতে যোগ্য।
