ময়মনসিংহের গফরগাঁওয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তরুণীর দায়ের করা মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা উপজেলার হাতিখলা গ্রামের মৃত সোবহান মিয়ার ছেলে মো. ইদ্রিস আলী (৫৭) এবং একই গ্রামের মৃত চান মিয়ার ছেলে অটোরিকশাচালক আবুল কালাম (২২)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। স্বামীর সঙ্গে তিনি গফরগাঁও পৌর শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। সন্তান না হওয়ায় চিকিৎসাও নিচ্ছিলেন তিনি।
এজাহারে অভিযোগ করা হয়, গত ৭ই আগস্ট সন্তান লাভের আশায় কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে অটোরিকশায় নিয়ে বের হন ইদ্রিস। তবে সেখানে না গিয়ে সন্ধ্যার পর তাকে হাতিখলা গ্রামের বাড়িতে নেয়া হয়। ওইদিন রাত ১১টার পর সেখানে ইদ্রিস ও আবুল কালাম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তরুণী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করলে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর পরই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।
