লালপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ফল স্থগিত

লালপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষার ফল স্থগিত

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিক্ষোভের একদিন পর বৃহস্পতিবার (১৩ই আগস্ট) বিকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত চিঠিতে লালপুর ছাড়াও বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার একই নিয়োগ পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট উপজেলা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা শুধু উপজেলা নিয়োগ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

এর আগে গত বুধবার (১২ই আগস্ট) নিয়োগ পরীক্ষার ফল বাতিলের দাবিতে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা নিয়োগের ফল তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে স্ল্লোগান দেন। একপর্যায়ে ইউএনও’র কার্যালয়ের দরজায় লাথি মারা, ফুলের টব ভাঙচুর এবং কার্যালয়ে অবস্থান করে তাঁকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ পরীক্ষার ফল বাতিলের দাবি জানান। অন্যথায় ইউএনওকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন জোরদারের ঘোষণা দেন তারা। তবে নিয়োগ পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ সময় পেশাগত দায়িত্ব পালনে বিক্ষোভের খবর সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন এনটিভির অনলাইন প্রতিনিধি সজিবুল হৃদয় ও মানবজমিনের উপজেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নাটোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে সাংবাদিকদের উপর অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল ভুক্তভোগী সাংবাদিকদের খোঁজখবর নেন ও জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।