মাছ ধরা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল আহত মান্নানের

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে গুরুতর আহত আব্দুল মান্নান (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মান্নান উপজেলার রসুলপুর গ্রামের চৌধুরী মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে রসুলপুর গ্রামের শফিউল্লাহ ও একই গ্রামের মামুন তিতাস নদীতে মাছ ধরতে যান।

এ সময় মামুনের সঙ্গে শফিউল্লাহ’র তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে পরদিন সকালে মামুন লোকজন নিয়ে শফিউল্লাহ’র বাড়িতে হামলা চালায়। এতে শফিউল্লাহ’র চাচা আব্দুল মান্নান, আবুল খায়ের ও এক নারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিত হামলার কারণেই মান্নানের মৃত্যু হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যুর খবর শুনেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মোতায়েন করা হয়েছে।