ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো সর্বজনীন ‘বিজয় দিবস’ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তালেবান প্রশাসন। আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হবে।
আগামী ১৭ আগস্ট হতে যাওয়া এই অনুষ্ঠানের আয়োজক নয়াদিল্লির আফগান দূতাবাসের তালেবান নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর। নয়াদিল্লিতে তালেবান ও ভারতীয় পক্ষের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।
অনুষ্ঠানে কূটনীতিক, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ, আফগান অভিবাসী এবং গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও ভারত সরকারের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অনুষ্ঠানে ব্যবহৃত কূটনৈতিক প্রতীক এবং পতাকার মতো বিষয়গুলোতে সতর্ক নজর রাখবে ভারতীয় পক্ষ।
উল্লেখ্য, গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া নূর আহমেদ নূর ইতিপূর্বে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন। মুম্বাই ও হায়দ্রাবাদের আফগান কনস্যুলেটেও তালেবান নিযুক্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। কাবুলে নিজেদের দূতাবাস ও কারিগরি মিশনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রেখেছে ভারত।
