বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা এবং সাবেক মন্ত্রী, সাবেক মন্ত্রী বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী হুরন নাহার রশিদ মৃত্যুবরণ করেছেন। রোববার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি....রাজিউন)।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৩ বছর। বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে দুই কন্যা আফরোজা খানম রিতা এমপি ও পারভিন বেগম এবং তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। এদিকে তার মৃত্যুতে মানিকগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানিকগঞ্জের সংসদ সদস্য বৃন্দ, জেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, মুন্নু গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মরহুমার আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুন্নু সিটিতে ছুটে এসেছেন।
