প্রেসিডেন্ট পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এদিন দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের ভবনে আসেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেলসহ প্রতিনিধি দলের সদস্যরা।
মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান। সমর্থক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মনোনয়নপত্র গ্রহণের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।
এর আগে প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছিল দলের জাতীয় স্থায়ী কমিটি। আলোচনায় একাধিক নাম থাকলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়।
আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
