মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা

অভিযুক্ত ইদ্রিস আলীর বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার সমুদ্রবেষ্টিত পোর্ট ডিকসনের লিঙ্গিতে নিজ দেশের তিন নাগরিককে নির্মমভাবে হত্যার অভিযোগে মো. ইদ্রিস আলী (৪৩) নামে এক বাংলাদেশির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাজ্যের সেরেমবান ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত তার বিরুদ্ধে তিনটি পৃথক হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন।

তবে ম্যাজিস্ট্রেট নুরুল সকলিনাহ রোসলির এজলাসে অভিযোগপত্র পাঠ করে শোনানো হলেও আসামির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি। বিচারক জানিয়েছেন, হত্যা মামলার বিচারিক এখতিয়ার কেবল দেশটির হাইকোর্টের অধীনে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, গত ৩ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে পোর্ট ডিকসনের লিঙ্গি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইদ্রিস আলীর বিরুদ্ধে তামান লিঙ্গির একটি বাড়ির পেছনের গলিতে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি এবং সুয়া মাঙ্গিসের একটি পাম তেল বাগানে ৪০ ও ৫২ বছর বয়সী আরও দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় তিনটি পৃথক হত্যা মামলা গঠন করা হয়েছে। এ ধারায় অপরাধ প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড না হলে সর্বনিম্ন ১২ চাবুক মারার বিধান রয়েছে।

হত্যার পাশাপাশি একই দিনে বিকাল ৪টা থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে তামান লিঙ্গির একটি বাড়িতে ২০ বছর বয়সী আরেক বাংলাদেশি তরুণকে হত্যার চেষ্টা ও গুরুতর জখম করার অভিযোগে সেশন কোর্টের বিচারক তাসনিম আবু বকরের আদালতে ইদ্রিসের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এই মামলাটি দণ্ডবিধির ৩০৭ ধারায় রুজু করা হয়েছে, যেখানে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন নেগেরি সেম্বিলান রাজ্যের প্রসিকিউশন ডিরেক্টর এংকু আহমেদ রাশদি এংকু আবদিল্লাহ। আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, গত ৯ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করা এই আসামির জামিনের কোনো সুযোগ নেই।

শুনানিকালে অভিযুক্ত ইদ্রিস আলী আদালতে দাবি করেন, তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর ভাষা ও সারমর্ম সঠিকভাবে বুঝতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতে আদালত একজন দোভাষীর উপস্থিতিতে সমস্ত চার্জ পুনরায় পাঠ করে শোনানোর জন্য বুধবার (১৩ আগস্ট) মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।