হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ২৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ শিশুর প্রাণহানি হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৮৬ শিশু ও হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে।

পাশাপাশি এই সময়ে আরও ৯৪১ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৭ হাজার ৪৬৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৬ হাজার ৮২৭ শিশু ছাড়পত্র পেয়েছে।