রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাথে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেটের যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেনÑ ঢাকা কলেজের ছাত্রদলের মো. প্রিন্স (৩০), মো. সুমন (২৮), সাগর খান (৩২), সাইমুন (২৭), জিহাদ (২৯), সাগর (২৭) ও ঢাকা নিউমার্কেট যুবদলের আহতরা হলেনÑ মো. জাকির (৫০), জাকির (৩৮), মো. সুমন (২৮), শাহ আলম (২৮), ইদ্রিস (৪৫) ও রাকিব (৩২)। এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের মধ্যে একজনকে প্রাথমিক সদস্যপদ থেকে এবং চারজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নিউমার্কেট থানা পুলিশ সূত্রে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাথে দোকান বসান নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই দোকান তুলে দিতে গেলে প্রথমে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরে চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লাঠিসোঁটা ও রামদা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী নিউমার্কেটের প্রিয়াঙ্গন মার্কেট সংলগ্ন বসুন্ধরা গলিতে চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষের ঘটনার একদিন পর ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের মধ্যে একজনকে প্রাথমিক সদস্যপদ থেকে এবং চারজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধাকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার, প্রিন্স খন্দকার, সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
