পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টা

নেপথ্যে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল ও তার অন্য সহযোগীদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী। এ সময় তাদের কাছ থেকে গোলাগুলিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে ল্যাংড়া রুবেলসহ তার সহযোগীরা গোলাগুলির ঘটনাটি ঘটিয়েছে। গ্রেপ্তারকৃত ল্যাংড়া রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার বিকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হয়। একই ঘটনায় পথচারী জোসনা নামে এক নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি মামলা করা হয়। তিনি আরও বলেন, ঘটনার পরপরই ডিবি মিরপুর বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত টয়োটা প্রিমিও গাড়িটি শনাক্ত করা হয়। পরে গাড়িটির মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, হামিদের নামে গাড়িটি নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল। তিনি মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্য ও গোলাগুলির ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ল্যাংড়া রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বীকে পল্লবী থানাধীন কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মো. শফিকুল ইসলাম বলেন, পরবর্তীতে গ্রেপ্তারকৃত পারভেজ ও রাব্বীর দেয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের পাশে বেড়িবাঁধ এলাকায় ডিবি অভিযান পরিচালনা করে ল্যাংড়া রুবেল ও বাপ্পাকে গ্রেপ্তার করে।