চাঁদা না পেয়ে প্রকৌশলীর ওপর যুবদল নেতার হামলা

চাঁদা না পেয়ে প্রকৌশলীর ওপর যুবদল নেতার হামলা

ফন্ট সাইজ:

কর্ণফুলীতে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা আলী হোসেনের বিরুদ্ধে। গতকাল দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন ইউসিপিএল’র বাইরে এ ঘটনা ঘটে। হামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলী শাহরিয়ার আমির ও স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন আহত হয়েছেন। এ সময় প্রতিষ্ঠানটির পার্টনার ও স্থানীয় সাংবাদিক জিন্নাত আইয়ুবও হামলার শিকার হন।

প্রকৌশলী শাহরিয়ার আমিরের অভিযোগ, স্থানীয় যুবদল নেতা পরিচয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েক দফায় লোকজন নিয়ে এসে তিনি এলাকায় ব্যবসা করতে হলে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে বলে দাবি করেন। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় বুধবার সকালে লোকজন নিয়ে তার পথরোধ করে মারধর করা হয়। তিনি বলেন, হামলার সময় স্থানীয়রা এগিয়ে এলে কোনোভাবে সেখান থেকে সরে যেতে সক্ষম হন। পরে বিষয়টি কর্ণফুলী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ রয়েছে, তখনও পুলিশের উপস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলার চেষ্টা করা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আলী হোসেনসহ জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। অভিযোগের বিষয়ে আলী হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগের ভিত্তিতে ওসি’র নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্ত পক্ষ বাদীপক্ষের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান থানায় অভিযোগ দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।