এবার মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে। বহরে এক জোড়া ট্রেন যুক্ত হচ্ছে। ফলে রাতের বেলায় ২০ মিনিট থেকে আধ ঘণ্টা বেশি সময় চলবে ট্রেন। আগামী মাস থেকেই কার্যকর হতে পারে নতুন সময়সূচি। বুধবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
গত ৭ই জুন থেকে রাতে মেট্রোরেলের চলাচল উভয়দিক থেকে ২০ মিনিট করে বাড়ানো হয়েছে। শেষের ট্রেনটি ২০ মিনিট বিরতি দিয়ে চলাচল করায় ট্রেনে ভিড় হচ্ছে প্রচুর। দু’টি ট্রেন বাড়ানোর পর যাত্রীদের যাতায়াত বেড়েছে ১০ হাজারের মতো। এই পরিস্থিতিতে আরও দু’টি ট্রেন বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এক্ষেত্রে এখন শেষ ট্রেনের মাঝখানে যে ২০ মিনিটের বিরতি আছে, তা কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে।
ডিএমটিসিএল সূত্র বলছে, আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট থেকে আধা ঘণ্টা বাড়ানো হলে রাত ১১টায় শেষ ট্রেন চলাচল করবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া হয়েছে। রাতে সময় বাড়াতে হলে ট্রেনের চালক বাড়াতে হবে। ইতিমধ্যে চালক নিয়োগ সম্পন্ন হয়েছে। তাদের এখন প্রশিক্ষণ চলছে। ২৬শে আগস্ট প্রশিক্ষণ শেষ হবে। এরপর তাদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ছে সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়।
ডিএমটিসিএল’র পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, রাতে দু’টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের বিরতিও কমে আসবে। আগামী মাসে রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে।
