ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের বুলন্দশহরে চালু হওয়া এই উদ্যোগের লক্ষ্য, কৃষকদের আয় বাড়ানো, গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করা এবং দুধ উৎপাদন বন্ধ করে গরু পালনে সহায়তা করা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে রাসায়নিক কৃষি উপকরণের বিকল্প তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।
পাইলট প্রকল্পটি সফল হলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নীতিমালা প্রণয়ন করে পুরো উত্তরপ্রদেশে প্রকল্পটি চালুর পরিকল্পনা রয়েছে। তবে সরকারের এই উদ্যোগের সমালোচনা করেছে বিরোধী সমাজবাদী পার্টি (এসপি)।
দলটির অভিযোগ, নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিজেপি সরকার এই প্রকল্পের আড়ালে একটি ‘কেলেঙ্কারি’ বা অর্থ আত্মসাতের ব্যবস্থা করছে।
জানা গেছে, বুলন্দশহরের ১৫টি গ্রাম এই পাইলট প্রকল্পের আওতায় রয়েছে। সায়ানা তহসিলের নারসাইনা গ্রামে ডা. প্রবীনের নেতৃত্বাধীন একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে প্রতি লিটার গোমূত্র ১০ রুপি দরে কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র সংগ্রহের দাম ২০ রুপি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গোমূত্র সংরক্ষণের জন্য গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।
এই ব্যবস্থায় গ্রামীণ নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
গ্রামের যেসব নারী গোমূত্র সংগ্রহে সহযোগিতা করছেন, তাদের প্রতি লিটারে ২ রুপি কমিশন দেওয়া হচ্ছে। এর ফলে তাদের জন্য অতিরিক্ত আয়ের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০০ নারীর সহযোগিতায় এই উদ্যোগ শুরু হয়। তাদের সবাইকে প্রকল্পের অংশীদার বা শেয়ারহোল্ডার করা হয়েছে।
এসপির অভিযোগ, ‘কেলেঙ্কারি’
সমাজবাদী পার্টি গোমূত্র সংগ্রহের এই প্রকল্পকে ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করেছে। এসপির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই কেলেঙ্কারির আয়োজন করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, উত্তরপ্রদেশে গরুর আশ্রয়কেন্দ্র কিংবা সেসব আশ্রয়কেন্দ্রে থাকা গরু- কোনোটিই নিরাপদ নয়। এই প্রকল্প থেকেও রাজ্যের কোনো উন্নয়ন হবে না বলে দাবি করেন তিনি।
এসপির অভিযোগের জবাবে বিজেপির মুখপাত্র হিরো বাজপেয়ি বলেন, সমাজবাদী পার্টি সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পেই সমস্যা খুঁজে বের করে। তিনি বলেন, ‘সমাজবাদী পার্টি যাদের (যাদবদের) স্বার্থের রাজনীতি করে, সেই একই জনগোষ্ঠী যখন সরকারের প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে, তখনও তারা খুশি হতে পারছে না।’
