গাজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

গাজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট

ফন্ট সাইজ:

গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে দিল্লিগামী একটি উড়োজাহাজ মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায়। ওই ঘটনার তদন্তে দেখা গেছে, ককপিটে থাকা মূল পাইলট মারিজুয়ানা বা গাজা সেবন করেছিলেন। ল্যাব টেস্টের চূড়ান্ত প্রতিবেদনে তার মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এয়ারবাস এ৩২০নিও মডেলের উড়োজাহাজটিতে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরির পর ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাম্পবেল উইলসনকে তলব করেছে।

থাইল্যান্ডের পর্যটন শহর ফুকেট থেকে আসার পথে ভারতের ওড়িশা রাজ্যের ওপর দিয়ে ওড়ার সময় এই ঘটনা ঘটে। এতে উড়োজাহাজে থাকা ১৩৭ জন যাত্রীর মধ্যে ১৩ জন এবং আটজন ক্রুর মধ্যে চারজন আহত হন। পরবর্তীতে উড়োজাহাজটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

ঘটনার পরপরই পাইলটদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হলে ক্যাপ্টেনের শরীরে ক্ষতিকর উপাদানের উপস্থিতি সন্দেহ করা হয়। পরে ল্যাবে দ্বিতীয় দফা পরীক্ষার পর তিনি মাদক সেবন করেছিলেন বলে নিশ্চিত হওয়া যায়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সরকারের তদন্ত কমিটিকে সব ধরনের সহায়তা করছে।