শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। থাইল্যান্ডে পাহাড়ের ওপর শুটিং শেষ করে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। তার সঙ্গে চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শুটিংয়ের কয়েকটি দৃশ্য পাহাড়ের ওপর ছিল। সেখানে শুটিং শেষ করে নামার সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। স্কুটি চিত্রগ্রাহক মেহেদী রনি চালাচ্ছিলেন। এবার সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দুঃসংবাদ ও শারীরিক পরিস্থিতির কথা জানালেন খায়রুল বাসার। তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। আজ বিকেলে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে কিছুটা ইনজুরড হয়েছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো।
ভক্তদের আশ্বস্ত করে খায়রুল বাসার আরও বলেন, খুব বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়া। যারা খোঁজ নিয়েছেন সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। অনেকেই উদ্বিগ্ন হয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাই সবাইকে বিষয়টি জানানো জরুরি মনে করলাম। আমি এখন একদম ঠিকঠাক আছি। চিকিৎসা নেওয়ার পর আপাতত নিজেকে কিছুটা বিশ্রামে রাখছেন এই অভিনেতা। একই সঙ্গে ভ্রমণটা ভালোভাবে শেষ করে দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। পোস্টের শেষে লিখেন, কিছুদিন এপ্রান্তে-ওপ্রান্তে ঘোরার পরিকল্পনা করেছি। দোয়া রাখবেন যেন সুস্থতার সঙ্গে একটি সুন্দর ভ্রমণ শেষে দেশে ফিরতে পারি। আপনারাও সুস্থ ও সুন্দর থাকুন, ফি-আমানিল্লাহ্।
