যমুনা ছেড়ে গুলশানের বাসায় ড. ইউনূস

ফন্ট সাইজ:

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সাবেক প্রধান উপদেষ্টার গাড়িবহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। তার গাড়িবহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে গুলশানের দিকে যায়। গতকাল বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে যমুনা থেকে বের হয়ে নিজের বাসভবনের দিকে রওনা করেন প্রধান উপদেষ্টা। গুলশান-২ এর অস্ট্রেলিয়ান এম্বাসির সামনের ভবন রূপায়ণ সিগনেচার টাওয়ারের ১১ তলায় নিজের ফ্ল্যাটেই থাকবেন ড. মুহাম্মদ ইউনূস।
সরজমিন হেয়ার রোড, বেইলি রোড ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। কাউকে অবস্থান করতে দেয়া হয়নি যমুনার আশপাশে। বেইলি রোডের নিরাপত্তা পূর্বের থেকে বাড়ানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়। গেটের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ড. ইউনূস যমুনায় অবস্থান করছিলেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যদিয়ে তার মেয়াদের সমাপ্তি ঘটে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, সংস্কার কাজ শেষে এই ভবনেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তিনি গুলশানের নিজস্ব বাসভবনে থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। যমুনায় বসবাসের সিদ্ধান্ত নেয়ায় সেখানে প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে।
রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা প্রায় ৩ দশমিক ২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাসভবনে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এটিই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হতে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন