সরকার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে প্রস্তুত

সরকার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে প্রস্তুত

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) প্রতিনিধিদল। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলে সাক্ষাতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বৈঠকে মার্কিন বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল। সাক্ষাতে প্রধানমন্ত্রীকে অ্যামচেম নতুন কমিটি জানিয়েছেন, তারা দায়িত্ব নেয়ার পরে বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

ওদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিসা’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। গতকাল সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনী খাত প্রভৃতি বিষয় নিয়ে বিশ্বখ্যাত ভিসা প্রতিষ্ঠান তাদের আগ্রহের কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলেছেন। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রোরেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ‘ভিসা’ কার্ড ব্যবহারের সুযোগ সমপ্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধিকে আহ্বান জানানো হয়েছে বলেও জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সমপ্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানিয়েছেন। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহ প্রকাশ করে ভিসা’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন বলেছেন, বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারীর কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভিসা কাজ করতে চায়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে ভিসা কাজ করতে আগ্রহী বলে বৈঠকে জানিয়েছেন স্টিফেন কার্পিন।
বৈঠকে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় নিরাপদ ও সহজে দেশে আনার জন্য কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

‘ভিসা’র এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন তিনদিনের সফরে গত ১১ই আগস্ট ঢাকায় আসেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।