সরাসরি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

সরাসরি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

ফন্ট সাইজ:

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তান প্রথম থেকেই ছিল দাপুটে। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ব্রেডিতে আয়ারল্যান্ডকে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে আফগানিস্তান কার্যত নিজেদের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে ফেলে। এরপর বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে নাটকীয় এক জয়ে আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেয়। এই ম্যাচে ৩১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় আফগানরা।

আফগানিস্তানের এই জয়ের ফলে গাণিতিকভাবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কিংবা আয়ারল্যান্ড—কারও পক্ষেই র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানকে টপকে সরাসরি কোয়ালিফিকেশনের জায়গা থেকে সরানো সম্ভব নয় বলে জানিয়েছে ক্রিকইনফো। এর ফলে বাংলাদেশও তাদের সরাসরি বিশ্বকাপের জায়গা নিশ্চিত করে ফেলেছে।

আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা পাওয়া আটটি দল হলো—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। অর্থাৎ মোট দশটি দল ইতিমধ্যে ২০২৭ আসরের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আটটি দল আয়োজক দুই দেশের সঙ্গে সরাসরি সুপার টুয়েলভ পর্বে জায়গা পাবে।

তবে ক্রিকইনফোর হিসাবের বাইরে রাখা হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে। চলতি মাসের শেষদিকে এই সিরিজ মাঠে গড়ালে এবং বাংলাদেশ যদি ৩-০ ব্যবধানে হেরে বসে, তাহলে সরাসরি জায়গা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে সিরিজটি শেষ পর্যন্ত না হলে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না।
আফগানিস্তানের জয়ে প্রভাব পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের ওপর। বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশে থাকা ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে বাকি দুটি ম্যাচ জিতলেও নির্ধারিত সময়ের মধ্যে সেরা আটে উঠে সরাসরি জায়গা করে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব খেলেই মূল আসরে জায়গা করে নিতে হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটিকে। আয়ারল্যান্ডকেও একই পথ ধরতে হবে। সরাসরি জায়গা পেতে হলে সিরিজে ৫-০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া এবং পরের দুই ম্যাচে হারের পর সেই সমীকরণ আর টেকেনি। ফলে দশ দলের বাছাইপর্ব খেলেই মূল আসরে জায়গা নিশ্চিত করতে হবে আইরিশদের। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর শুরু হবে আগামী ৪ঠা অক্টোবর, চলবে ২১শে নভেম্বর পর্যন্ত। বারো দলের এই আসরে আয়োজক দুই দেশ ও র‌্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি সুপার টুয়েলভ পর্বে জায়গা পাবে, বাকি দলগুলোকে আসতে হবে বাছাইপর্ব পেরিয়ে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন