ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক, বিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রৗী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এমন হত্যার হুমকি সম্বলিত চিঠি পাওয়াপর পর তারা পুলিশে অভিযোগ দিয়েছেন। সোমবার পুলিশের সূত্র এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। সৌরভ গাঙ্গুলির পক্ষে অভিযোগ দায়ের করেছেন তার ব্যক্তিগত সহকারী। অভিযোগে বলা হয়েছে, সোমবার সৌরভ ও ডোনা গাঙ্গুলির ঠিকানায় পাঠানো দুটি চিঠি পশ্চিমবঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্টের অফিসে খোলা হয়। ইংরেজিতে লেখা এই চিঠিতে এই দম্পতির জীবন ও নিরাপত্তার প্রতি সিরিয়াস হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে যারা কাজ করেন, হুমকি দেয়া হয়েছে তাদেরকেও।
পারিবারিক সূত্র বলেছেন, গত ৬ মাস ধরে একই রকম চিঠি পাচ্ছেন তারা। তবে সর্বশেষ চিঠিতে হুমকির ধরনের কারণে পরিবারটি পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়। রিপোর্টে বলা হয়, কলকাতার ঠাকুরপুকুর পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগকে এলার্ট করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিদের প্রথম দিককার চিঠিতে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথমে তাকে সিরিয়াসলি দেখা হয়নি।
পরিবারটি মনে করেছিলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো এমনটা করা হয়েছে। কিন্তু শেষ চিঠিতে এই দম্পতির জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি আছে। অভিযোগে এর জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে সৌরভ গাঙ্গুলি, তার স্ত্রী ও স্ফাফদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
