ইরানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে চায় মালয়েশিয়া

ইরানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে চায় মালয়েশিয়া

ফন্ট সাইজ:

ইরানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ খালেদ নরদিন এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির প্রায় সবকটি গণমাধমে জানিয়েছে, খালেদ নরদিন বলেছেন, প্রস্তাবিত এই সমঝোতা স্মারকটি (এমওইউ) দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে এবং পারস্পরিক সহযোগিতার একটি আনুষ্ঠানিক রূপরেখা বা মাধ্যম হিসেবে কাজ করবে।

ইরানের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী লজিস্টিকসের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সেয়েদ মাজিদ এবন-ই-রেজার সাথে এক টেলিফোন আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, "আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী লংকাউই আন্তর্জাতিক সামুদ্রিক ও মহাকাশ প্রদর্শনীতে (লিমা) ইরানের অংশগ্রহণকে স্বাগত জানাই, যা দুই দেশের সামরিক প্রযুক্তি ও সম্পর্ক সম্প্রসারণের অন্যতম বড় প্ল্যাটফর্ম হবে।" সামপ্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাত ও উদ্ভূত পরিস্থিতিতে নিহত ইরানি নেতা, নিরাপত্তা কর্মী এবং বেসামরিক নাগরিকদের প্রতি মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান খালেদ নরদিন।

তিনি জোর দিয়ে বলেছেন, "মালয়েশিয়া আশা করে যে বিদ্যমান যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনৈতিক আলোচনার পথ সবসময় খোলা রাখা হবে।"

সংঘাতময় পরিস্থিতিতে ইরানের সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, "বিঘ্নিত পরিস্থিতি সামলে উঠতে ইরান তার নিজস্ব স্বনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় বন্ধুত্বের ভিত্তিতে প্রতিরক্ষা খাতে আরও সুনির্দিষ্ট ও অর্থবহ সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।"

এছাড়া আন্তর্জাতিক সমুদ্রপথ, বিশেষ করে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে বাণিজ্যিক ও অন্যান্য নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন খালেদ নরদিন। এ সময়ে মালয়েশিয়ার জাহাজের নিরাপদ যাতায়াতে ইরান যে সহযোগিতা ও আতিথেয়তা প্রদর্শন করেছে, সেটির প্রতিও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন