ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে বোয়ালমারী সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. তারিকুল শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে ফারদিন তার বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সে সময় শিশুটির মা রান্নাঘরে সকালের নাস্তা বানানোর কাজে ব্যস্ত ছিলেন। ঘুম থেকে উঠে শিশুটি ঘরের মেঝেতে খেলছিল। একপর্যায়ে ফ্যান চালানোর জন্য ব্যবহৃত একটি সচল মাল্টিপ্লাগের সকেটে হাতের আঙ্গুুল ঢুকিয়ে দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন।
